বদ্যিনাথের সর্দি হল কলকাতাতে গিয়ে,
আচ্ছা ক’রে জোলাপ নিল নস্যি নাকে দিয়ে।
ডাক্তার এসে, বল্ল কেশে, “বড়ই কঠিন ব্যামো,
এ সব কি সুচিকিৎসা? — আরে আরে রামঃ।
আমার হাতে পড়লে পরে ‘এক্সরে’ করে দেখি,
রোগটা কেমন, কঠিন কিনা — আসল কিংবা মেকি।
থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক,
আইস-ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক।
‘ইঞ্জেক্শান’ নিতে হবে ‘অক্সিজেন’টা পরে,
তার পরেতে দেখব এ রোগ থাকে কেমন ক’রে “
পল্লীগ্রামের বদ্যিনাথ অবাক হন ভারী,
সর্দি হলেই এমনতর? ধন্য ডাক্তারী!!
এই ছড়াটি শ্রীভূপেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা সুকান্ত-প্রসঙ্গ’, ‘শারদীয়া বসুমতী’, ১৩৫৪-থেকে সংগৃহীত। পাণ্ডুলিপি পাওয়া যায় নি; ১৯৪০-এর আগের লেখা বলে অনুমিত।